ঢাকা: আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, বর্তমান জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতি একটি “বড় হুমকির” মুখে পড়েছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোল বর্তমান পরিস্থিতিকে ১৯৭০-এর দশকের জ্বালানি সংকট এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাবের সঙ্গে তুলনা করে বলেন, “এটি এখন দুইটি তেল সংকট এবং একটি গ্যাস সংকট একসাথে ঘটার মতো পরিস্থিতি।”
তিনি আরও বলেন, এই সংকট অব্যাহত থাকলে বিশ্বের কোনো দেশই এর প্রভাব থেকে রক্ষা পাবে না। তাই দ্রুত সমাধানের জন্য বৈশ্বিক উদ্যোগ জরুরি।
আইইএ প্রধান জানান, চলমান সংঘাতে অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অতিরিক্ত মজুত তেল ছাড়ার বিষয়ে আলোচনা করছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইইএ সদস্য দেশগুলো বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিরোল বলেন, “প্রয়োজন হলে আমরা আরও পদক্ষেপ নেব। আমরা বাজার পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং সদস্য দেশগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি।”
পিএস