ঢাকা: আগের দিন কমলেও বুধবার (২৫ মার্চ) সোনার দাম আবার বেড়েছে। ডলারের দুর্বলতা এবং তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও বৈশ্বিক উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে আবার বেড়েছে স্বর্ণের দাম।
বুধবার স্পট মার্কেটে সোনার দাম ১.৬% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫.৩৪ ডলারে দাঁড়ায়। যা সেশনের শুরুতে ২% এর বেশি বেড়েছিল। সোমবার এটি চার মাসের সর্বনিম্ন ৪ হাজার ০৯৭.৯৯ ডলারে নেমে গিয়েছিল।
এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ৩.৩% বেড়ে ৪ হাজার ৫৪৫.২০ ডলারে পৌঁছেছে।
ডলার দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে আলোচনায় অগ্রগতি হচ্ছে—এ কথা বলার পর তেলের দাম কমে যায়।
তবে বুধবার ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করে জানায়, যুক্তরাষ্ট্র আসলে নিজের সঙ্গেই আলোচনা করছে।
উচ্চ তেলের দাম মূল্যস্ফীতি বাড়ায় এবং সুদের হার বাড়ার প্রত্যাশা তৈরি করে। যদিও মূল্যস্ফীতি বাড়লে সাধারণত সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে আকর্ষণীয় হয়, কিন্তু উচ্চ সুদের হার সুদবিহীন এই সম্পদের চাহিদা কমায়।
সিএমই গ্রুপের ফেডওয়াচ অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীরা ২৫% থেকে কমিয়ে প্রায় ১৬% এ নামিয়েছে।
স্বর্ণের সঙ্গে স্পট সিলভারের দাম ২.৬% বেড়ে প্রতি আউন্স ৭৩.০৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ০.৯% বেড়ে ১ হাজার ৯৫১.৩৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৫% বেড়ে ১ হাজার ৪৬০.৬০ ডলারে পৌঁছেছে।
পিএস