ঢাকা: নিজেদের আকাশসীমা মার্কিন বিমান প্রবেশ বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি নাকচ করে দিয়েছি দেশটি।
মাদ্রিদে সাংবাদিকদের মার্গারিটা বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার- কোনোটিরই অনুমতি দেবে না স্পেন।
স্পেন ন্যাটোর সদস্য দেশ। তাদের নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন বিমানগুলোকে এখন বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এল পাইস।
আকাশসীমা বন্ধের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, তাঁর দেশ একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা যুদ্ধকে সমর্থন করে না। নতুন সিদ্ধান্ত সেই নীতির অংশ।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি হামলাগুলোকে বেপরোয়া এবং অবৈধ হিসেবে অভিহিত করেছেন।
পিএস