এবার হরমুজে মার্কিন এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৩৫ এএম
ফাইল ছবি

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের দক্ষিণাংশে বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের দাবি, অভিযানে ব্যবহৃত অস্ত্রের মাধ্যমে বিমানটি ভূপাতিত করা সম্ভব হয়েছে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এ-১০ যুদ্ধবিমান, যা যুক্তরাষ্ট্র তৈরি একটি স্থল-আক্রমণ বিমান, মূলত মাটিতে থাকা সাঁজোয়া যান ও শত্রু বাহিনীর বিরুদ্ধে কার্যকর হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়। এটি প্রায়ই অন্যান্য যুদ্ধবিমানের সহায়ক হিসেবে কাজ করে।

এর আগে ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছিল। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, ওই ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাইলটদের নিরাপদে ফিরিয়ে আনা হয়। চলমান যুদ্ধে ইরানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে, যুদ্ধের শুরুর দিকে কুয়েত ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

এম