আজই ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, দেখা করতে চান নিজেই

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১১:১২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি আজই পাকিস্তানে সই হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ খবর জানিয়েছে আল-জাজিরা।

ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে গেলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত আছেন।

এর আগে নিউজ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদ-এর উদ্দেশে রওনা হয়েছে।

তিনি আরও বলেন, চলমান আলোচনার মূল শর্ত হলো—ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা ত্যাগ করতে হবে। এই শর্তে কোনো ছাড় দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য চুক্তি সই নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

এদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং তাদের একটি জাহাজে হামলা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা আলোচনায় না আসারও ইঙ্গিত দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই প্রেক্ষাপটে পাকিস্তান সরকারের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষকে আলোচনায় আনতে চেষ্টা চালিয়ে আসছে ইসলামাবাদ, এবং পর্দার আড়ালে সেই উদ্যোগ এখনো অব্যাহত রয়েছে।

সম্ভাব্য এই বৈঠক ঘিরে ইসলামাবাদে ইতোমধ্যে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেনি হোয়াইট হাউস।

এম