আইইএ সতর্কতা

২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এলএনজি সংকট

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:০৮ পিএম

বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংকট আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির মতে, বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাব ২০২৭ সালের শেষ পর্যন্ত বাজারে অস্থিরতা বজায় রাখতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা এলএনজি বাজারে চাপ বাড়াচ্ছে।

প্যারিসভিত্তিক আইইএ তাদের সর্বশেষ বিশ্লেষণে বলেছে, স্বল্পমেয়াদে সরবরাহ ঘাটতি এবং নতুন উৎপাদন প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এলএনজি সরবরাহে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটার ঘাটতি তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন গ্যাসক্ষেত্র ও রপ্তানি প্রকল্প চালু হলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সেই সক্ষমতা পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে, ফলে অন্তত ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে সরবরাহ সংকট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী এ সংকটের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানির দাম, শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ খাতে পড়তে পারে। আমদানিনির্ভর দেশগুলোর জন্য এটি বাড়তি চাপ তৈরি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এম