ঢাকা: যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুদেশের মধ্যে শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের সূত্রটি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছেছে দুই দেশ।
পাকিস্তানি সূত্রটি বলেছে, ‘আমরা খুব শিগগির এটি (শান্তিচুক্তি) সম্পন্ন করব। আমরা কাছাকাছি পৌঁছে গেছি।’
প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস-এর প্রতিবেদনটি সঠিক ছিল বলেও জানায় পাকিস্তানি সূত্র।
এক্সিওস ওই প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রকে উদ্ধৃত করে বলেছিল, যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি।
বুধবার এক্সিওস জানায়, হোয়াইট হাউস মনে করছে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
অ্যাক্সিওস প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এটিই উভয় পক্ষের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের আলোচনা।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ন্যায্য ও বাস্তবসম্মত’ চুক্তি করতে চায়। বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, আলোচনায় ইরান তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান শুধু ‘ন্যায্য ও বাস্তবসম্মত’ চুক্তিই মেনে নেবে।
পিএস