পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০২৬, ১১:৩৪ এএম
ফাইল ছবি

ঢাকা: টানা কয়েক দিনে পতনে থাকার পর মুদ্রাস্ফীতি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান অনিশ্চয়তাও বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৯ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫.৫৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া মার্কিন স্বর্ণের ফিউচার শূণ্য দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩৫.৯০ ডলারে পৌঁছেছে।
 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি সম্প্রসারণ নিয়ে আলোচনা সামনে আসার পর বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে দিন শেষে বাজারে আবার কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেছে।
 
গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বৃহস্পতিবার স্বর্ণের দাম ৪ হাজার ৩৬০ ডলারে নেমে গিয়েছিল এবং যুদ্ধবিরতির ঘোষণা না এলে তা আরও কমতে পারত। তবে হঠাৎ করেই বাজারে দিক পরিবর্তন দেখা যায় এবং আজও সেই পরিস্থিতি কিছুটা বজায় রয়েছে।
 
এদিকে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে এপ্রিল মাসে মুদ্রাস্ফীতি তিন বছরের মধ্যে দ্রুততম গতিতে বেড়েছে। এতে অর্থনীতিবিদদের ধারণা, ফেডারেল রিজার্ভ আগামী দীর্ঘ সময় সুদের হার অপরিবর্তিত রাখতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট সিলভার প্রতি আউন্স ৭৫ দশমিক ৬১ ডলারে স্থিতিশীল ছিল। প্যালাডিয়ামের দাম শূণ্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৫ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে, যা সাপ্তাহিক লাভের দিকে এগোচ্ছে। তবে প্লাটিনামের দাম শূণ্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৯১৪ দশমিক ৯৫ ডলারে নেমেছে এবং এটি সাপ্তাহিক ক্ষতির পথে রয়েছে।

পিএস