ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে যে বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের বক্তব্য অনুযায়ী, এই পথ বন্ধ করা হলো প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগের জবাবে নেওয়া “প্রথম পদক্ষেপ”। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে যে, যদি “আগ্রাসন” অব্যাহত থাকে, তাহলে আরও পদক্ষেপ নেওয়া হবে।
মেহরের এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওয়াশিংটনে তেহরানের সঙ্গে সম্পাদিত ১৪ দফা চুক্তির আওতায় সম্মত হওয়া যুদ্ধবিরতি বহাল থাকবে বলে তিনি আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ তিনি দেখেননি।
পিএস