স্বর্ণ ও রুপার দামে বড় পতন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০১:৫৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম দেড় শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৯.১৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৭.১০ ডলারে নেমে এসেছে।
 
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, চলতি সপ্তাহে তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেলেও শক্তিশালী ডলারের কারণে সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। ফেডের সম্ভাব্য সুদের হার বাড়ার প্রত্যাশায় ডলার ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে।
 
গত সপ্তাহের শেষ দিকে ডলার এক বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি স্থিতিশীল ছিল। এর ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারভিত্তিক স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
 
এদিকে একটি প্রাথমিক শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সোমবার থেকে ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় অঞ্চলজুড়ে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে লেবাননের সংঘাতেও দীর্ঘস্থায়ী বিরতি এসেছে।
 
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা একটি চূড়ান্ত শান্তি চুক্তির জন্য ইতিবাচক ভিত্তি তৈরি করেছে। তবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা শুরু করার বিষয়টি অস্বীকার করেছে।
 
এমন পরিস্থিতিতে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬২.৫৯ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৪৪.৭৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৩৬.৫০ ডলারে নেমে এসেছে।

পিএস