ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন এলাকার কনি আইল্যান্ডে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদ্যাপনের রাতে বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) জানায়, শনিবার (স্থানীয় সময়) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১তম স্ট্রিটের ২৯০০ ব্লকে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
আহতদের মধ্যে রয়েছেন ৩৭ ও ৩৩ বছর বয়সী দুই পুরুষ, ২৫ ও ২১ বছর বয়সী দুই নারী এবং ১৪, ১২, ৭ ও ৬ বছর বয়সী চার শিশু রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের সবাইকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গুলিবর্ষণের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। সূত্র: এবিসি নিউজ।
পিএস