স্বর্ণের দাম কমেছে, সুখবর পেলেন ব্যবহারকারীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৮:৪১ পিএম
ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার একদিনেই স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কার কারণে স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে।

সোমবার স্পট গোল্ডের দাম ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ০৬৪.০২ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দামও ১ শতাংশ কমে ৪ হাজার ০৭১.৮০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির ঝুঁকি বাড়িয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ রাখতে পারে বা আরও বাড়াতে পারে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমছে।

বিশ্লেষকদের ধারণা, তেলের দাম আরও বাড়তে থাকলে স্বর্ণের দাম আগামী দিনগুলোতে আরও কমতে পারে।

আন্তর্জাতিক বাজারে এই পতনের প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্বর্ণালংকার কিনতে আগ্রহী সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর হতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ২.৩ শতাংশ, প্লাটিনাম ০.২ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ কমেছে।

পিএস