নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৯:২৭ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন। তাদের বড় একটি অংশ ছিল শিশু। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে।

[274673]

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে কয়েকজন শিশুও নৌকাটিতে ছিল বলে তিনি ধারণা করছেন। তাঁর দাবি, ঘটনাস্থলে প্রায় ৫০টি মৃতদেহ দেখা গেছে। পরে অনেক মৃতদেহ স্থানীয় একটি মসজিদের সামনে মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় রাখা হয়।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, গোরাউ অত্যন্ত দুর্গম এলাকা হলেও তাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

গত মাসে দেশটির জিগাওয়া প্রদেশে নৌকা উল্টে অন্তত পাঁচজন নিহত হন। চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে প্রদেশে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদীতে ২০০ জনের বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যায়। পরে সেখান থেকে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়।

নৌপথে দুর্ঘটনা কমাতে নিরাপদ নৌযান ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন, ঘাট ও টার্মিনালে নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নৌযানের চালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার মতো বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার গ্রামীণ অঞ্চলে নদীপথ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। সড়কব্যবস্থার দুর্বলতা ও পর্যাপ্ত সেতুর অভাবে অনেক এলাকার বাসিন্দা মানুষ ও পণ্য পরিবহনে কাঠের নৌকার ওপর নির্ভর করেন। ফলে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ হয়ে আছে। 

সূত্র: বিবিসি, রয়টার্স
এসআই