বাসে উচ্চস্বরে গান বাজালেই জরিমানা ৫০০ ডলার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বাসে উচ্চস্বরে গান বাজানো, সিটে পা তুলে বসা কিংবা বাসের ভেতরে খাবার খাওয়ার মতো আচরণের কারণে সিঙ্গাপুরে দিতে হবে জরিমানা। নতুন নিয়মে এসব অপরাধে সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ৩৯১ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। 

সোমবার নতুন নিয়মের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের স্থল পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ)। কর্তৃপক্ষ বলেছে, এর মাধ্যমে সবার জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যাবে।

নতুন নিয়মগুলো সিঙ্গাপুরের রেল যোগাযোগব্যবস্থা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের (এমআরটি) প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এতদিন বাসে খাওয়াদাওয়া বা এ ধরনের বিরক্তিকর আচরণের ক্ষেত্রে সাধারণত পরিবহন কোম্পানির নিজস্ব নিয়ম কার্যকর ছিল। চালকেরা যাত্রীকে সতর্ক করতেন কিংবা বাস থেকে নামিয়ে দিতেন। এখন এসব আচরণ আনুষ্ঠানিকভাবে আইনের আওতায় এনে সরাসরি জরিমানার বিধান করা হয়েছে।

এলটিএ জানিয়েছে, টিকিট পরিদর্শক ও বাস টার্মিনালের কর্মীদের মতো অনুমোদিত কর্মীরা কোনো যাত্রী অপরাধ করেছেন বলে সন্দেহ করলে তাকে সরকারি নোটিশ দিতে পারবেন।

তবে বাসচালকদের এ ক্ষমতা দেওয়া হয়নি। সিঙ্গাপুরে বাসচালকদের 'ক্যাপ্টেন' বলা হয়। তাদের মূল দায়িত্ব নিরাপদে বাস চালানো। তবে তারা যাত্রীকে বিরক্তিকর আচরণ বন্ধ করতে বলতে পারবেন। নির্দেশ না মানলে যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হতে পারে। গুরুতর পরিস্থিতিতে পুলিশও হস্তক্ষেপ করতে পারে।

গণপরিবহনকে শান্তিপূর্ণ রাখতে শুধু সিঙ্গাপুরই এমন পদক্ষেপ নিচ্ছে না। বিশ্বের বিভিন্ন শহরে গণপরিবহন ব্যবস্থার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের বিরক্তিকর আচরণ ঠেকাতে নতুন নিয়ম চালু করা হচ্ছে।

পিএস