‘ভেজাল’ মদ পানে ভারতে ১৯ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৫:০৩ পিএম
ফাইল ছবি

ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদ পান করে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন অবৈধ মদ পান করে নাগাল্যান্ডের মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। বলে রাখা ভালো, ১৯৯০ সাল থেকে ভারতের এই রাজ্যে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।

মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা তদন্ত করতে এবং ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি (এসআইটি) গঠন করেছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এই কমিটি কাজ করবে।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে জব্দ করা মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে চলা একাধিক অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় তিন হাজার বোতল অবৈধ মদ জব্দ করেছে পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের লেবেলবিহীন, অজ্ঞাত বা অবৈধ মদ পান করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে পুলিশ। একই সঙ্গে মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট কিংবা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএইচ