ভারতের ভোটার তালিকা সংশোধন বিতর্কের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে দলটির নেতা অভিজিৎ দিপকে এই কর্মসূচির ঘোষণা দেন বলে এনডিটিভির খবরে জানানো হয়।
এক্সে দেওয়া এক বার্তায় দিপকে স্পষ্ট করেন, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে দেশের নানা প্রান্ত থেকে ‘ককরোচ’রা দিল্লিতে সমবেত হয়ে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী সব নাগরিককে তিনি এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এর আগে মুম্বাইয়ের শিবাজি পার্কে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও আয়োজিত বিপুলসংখ্যক তরুণ-তরুণীর এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ও ‘চলো দিল্লি’র ডাক দিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান।
শিবাজি পার্কের বিক্ষোভ প্রদর্শনীতে ব্যানার-পোস্টার ও বাদ্যযন্ত্র হাতে যোগ দেন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়াসহ (এসএফআই) বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা। বিক্ষোভ চলাকালে সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ এবং ২০২৫ সালের ভোটার তালিকা স্থগিতের দাবি তোলেন।
সিজেপি নেতা দিপকে অভিযোগ করেন, গত দুই বছরে পরিকল্পিতভাবে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দিল্লি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিরোধী নেতাদের আসনে হাজার হাজার নাম বাদ দেওয়ার পাশাপাশি মহারাষ্ট্র নির্বাচনে কোটি কোটি নতুন নাম যুক্ত করে বিজেপি সুবিধা নিয়েছে বলে দাবি করেন তিনি। বিরোধী দলগুলোকে ধ্বংস করতেই বিজেপি ‘এক দেশ, এক নির্বাচন’ ধারণার রূপায়ণ ঘটাতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।
এসএইচ