ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে প্রস্তাবিত ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রায় যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েই পুলিশের হাতে আটক হয়েছেন অভিজিৎ দিপকে। পরে তিরঙ্গা পদযাত্রার নেতৃত্ব দেওয়ার সময় নেহা বোরাকেও পুলিশ হেফজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) কর্মসূচি শুরু হওয়ার ঠিক আগমুহুর্তে কাকরচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহাকে আটক করে পুলিশ।
পুর্বনির্ধারিত পদযাত্রায় অংশ নিতে কনট প্লেসে যাওয়ার পথে অভিজিৎ দিপকেকে আটক করা হয়। অন্যদিকে, মান্দি হাউস এলাকা থেকে পদযাত্রা শুরুর পরপরই আটক করা হয় এআইএসএ নেত্রী নেহা বোরাকে।
এর আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে দিপকেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়, কনট প্লেস কোনো অনুমোদিত প্রতিবাদের স্থান নয়। ফলে সেখানে কোনো ধরনের পদযাত্রা না করার নির্দেশ দেওয়া হয়।
মূলত প্রতিবাদের ঐতিহ্যবাহী স্থান হিসেবে যন্তর মন্তরের মর্যাদা বাতিলের পরও গত ১৩ অক্টোবর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উন্মোচন করেন সিজেপির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। পুলিশ তাদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। কারারুদ্ধ এই দুই নেতার মুক্তি ও প্রতিবাদের অধিকার নিশ্চিতের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির লুটিয়েন্স ও কনট প্লেস এলাকায় ৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে দিল্লি পুলিশ। এর পাশাপাশি অন্যান্য জেলা থেকে আরও ৫ হাজার অতিরিক্ত পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
পিএস