স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে বুধবার দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়াগামী রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই দিকে চলছিল। এ সময় একটি ট্রেন অপর ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।

আগামী মাসে পুনর্নির্বাচিত হওয়ার প্রত্যাশায় থাকা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংঘর্ষের ঘটনায় ‘মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “টলেডোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। আমি পরিবহনমন্ত্রীর সঙ্গে এবং কাস্তিয়া-লা মাঞ্চার প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

তিনি আরও লেখেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। এ কাজে সংশ্লিষ্ট সব প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।”

কাছের শহর উর্দার মেয়র ম্যানুয়েল গালান জানিয়েছেন, দুর্ঘটনায় যাত্রীরা আহত হয়েছেন। তিনি বলেন, নাগরিক সুরক্ষা কর্মকর্তারা স্থানীয় প্রশাসনকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য একটি ক্রীড়া প্যাভিলিয়ন প্রস্তুত রাখতে বলেছেন।

প্রতিবেশী গ্রাম লস ইয়েবেনেসের মেয়র জেসুস পেরেজ ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করেছেন। এদিকে, কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পেজ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই অত্যন্ত কঠিন সময়ে, টলেডোর কাছে ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনায় ইতালি সরকার স্পেন ও স্পেনের জনগণের পাশে রয়েছে।”

পিএস