মোসাদের দুঃসাহসিক অভিযানে ইরানি কর্মকর্তাকে অপহরণ করে হত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত

নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে কয়েক দশক ধরে চলা অভিযানে ইরানের দুই কর্মকর্তাকে অপহরণ করেছিল ইসরায়েল। তাঁদের একজনকে কয়েক সপ্তাহ নির্যাতনের পর হত্যা করা হয়। অন্যজনকে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে আসা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

১৯৮৬ সালে লেবাননে বিমান হামলা চালানোর সময় ইসরায়েলি পাইলট রন আরাদের যুদ্ধবিমানের একটি ক্ষেপণাস্ত্রে ত্রুটি দেখা দেয়। পরে তিনি বিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপর থেকে তাঁর ভাগ্যে কী ঘটেছিল, তা জানতে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারিকে তুরস্কের ইস্তাম্বুল থেকে অপহরণ করে মোসাদ। তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ইস্তাম্বুলের তাকসিম এলাকার একটি হোটেলকক্ষে ঢুকে তাঁকে মাদক প্রয়োগ করে অপহরণ করা হয়।

ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ছিল, নিখোঁজ পাইলট রন আরাদ সম্পর্কে আসগারি তথ্য জানেন। এ জন্য তাঁকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়। কিন্তু পরে মোসাদ বুঝতে পারে, আরাদ সম্পর্কে আসগারি কিছুই জানতেন না। এরপরও তাঁকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের নিজস্ব তদন্তেও অপহরণে ব্যবহৃত একটি গাড়ি কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার তথ্য উঠে আসে।

এরপর ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে আইআরজিসির আরেক কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে মোসাদ। সকালে দৌড়াতে বের হলে তাঁকে একটি ফ্রিজের বাক্সে ঢুকিয়ে চলন্ত ভ্যানে তোলা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর পরিচয় গোপন রাখতে তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত ফেলে আসা হয়। সাবেরিও রন আরাদ সম্পর্কে কিছু জানতেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ তদন্তে ধারণা করা হয়, বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবি চিত গ্রামে মারা যান রন আরাদ। তাঁকে ওই গ্রামে আটকে রাখা হয়েছিল এবং পরে সেখানেই কবর দেওয়া হয় বলে মনে করা হয়।

তবে ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন, আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইরান তথ্য জানে। ২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েলি এজেন্টরা লেবাননের সাবেক নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। একটি ব্যবসায়িক বৈঠকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। ইসরায়েলের ধারণা, ১৯৮৮ সালে নবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত নিজের ভাইয়ের প্রতিশোধ নিতে আহমদ শুকর রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।

চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবি চিত গ্রামে ৪০টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। গ্রামটির একটি কবরস্থানে রন আরাদের মরদেহ রয়েছে—এমন ধারণা থেকে এ হামলা চালানো হয়। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে আরাদের মরদেহের সন্ধান মেলেনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।

এসএইচ