ঢাকা: ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্য হেগে অবস্থিত আইসিজে এ রায় ঘোষণা করছেন।
২০১৭ সালের যে সামরিক অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, সেই দমন-পীড়নের ঘটনায় আদালত এই সিদ্ধান্ত দিচ্ছেন।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘তথ্যপ্রমাণে দেখা গেছে মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।’
রায় পাঠের সময় তিনি আরও বলেন, ‘আদালত দেখতে পেয়েছেন যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। এ ছাড়া বিপুল সংখ্যায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পলায়নপর রোহিঙ্গাদের ওপরও তারা হামলা চালিয়েছে।’
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি দায়ের করে। মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ আনা হয়। গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানিয়েছিল, আদালত যেন মিয়ানমারকে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেন, রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো যেকোনো অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করেন।
এদিকে মিয়ানমার দাবি করেছে, পুলিশ ফাঁড়িতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের হামলার জবাবে তারা ওই অভিযান চালিয়েছিল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিস্তৃত শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে।
২০১৮ সালে শত শত মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তাঝুঁকির তুলনায় ‘মাত্রাতিরিক্ত’ ছিল। প্রতিবেদনে রাখাইনে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে।
পিএস