শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১২:৩১ পিএম
ফাইল ছবি

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জুনিন শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার।

[278986]

পেরুর জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (কোয়েন) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে। 

রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। 

স্থানীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পের ঝাঁকুনি ছিল বেশ তীব্র। পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।’

এর আগে, গত জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩২ জন আহত হন। 

ওই ভূমিকম্পে ৫২টি বাড়িঘরও ধ্বংস হয়ে যায়।

এসআই