ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে প্রথমে সরকার গঠনের সুযোগ দিতে রাজি হয়েছেন। প্রস্তাব অনুযায়ী, ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে আইজেনকটের পর দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের সমর্থনে জোট গঠনের পথে এগোচ্ছেন আইজেনকট। খবর রয়টার্সের।
নেতানিয়াহুর এই ঘোষণায় বোঝা যাচ্ছে, ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা এই নেতার ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। অন্যদিকে সম্ভাব্য শরিকদের সমর্থন পাচ্ছেন আইজেনকট, যা তাকে জোট সরকার গঠনের সুযোগ করে দিতে পারে।
[279400]
প্রস্তাবিত ঐক্য সরকার গঠনের চুক্তিতে দুই দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। সেই অনুযায়ী, প্রথমে আইজেনকট প্রধানমন্ত্রী হবেন এবং পরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন নেতানিয়াহু।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন তিনি। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
এ সপ্তাহে বামপন্থি দল দ্য ডেমোক্র্যাটস এবং ডানপন্থি দল ইসরায়েল বেইতেনুর সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকট। দল দুটির সমর্থন পেলে তিনি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি পৌঁছাতে পারেন।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল সরকার পরিচালনার দায়িত্ব তারই পাওয়া উচিত। তবে তিনি বলেন, ‘অস্তিত্বের জন্য হুমকির ভয়াবহতা এবং এমন একটি সরকার গঠনের সম্ভাবনা, যারা এই বিপদ মোকাবিলা করতে সক্ষম হবে না—এসব বিবেচনায় একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা।’
নেতানিয়াহুর বক্তব্যের জবাবে আইজেনকট এক বিবৃতিতে বলেন, কয়েক সপ্তাহ ধরে তার দল ইয়াশারের আলোচকরা নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রকৃত, আন্তরিক ও দ্রুত আলোচনার চেষ্টা করছেন। কিন্তু তারা বারবার প্রত্যাখ্যান ও আলোচনা এড়িয়ে যাওয়ার মুখে পড়েছেন।
তিনি নেতানিয়াহুকে ইয়াশার দলের আলোচকদের সঙ্গে মূলনীতি ও নীতিগত বিষয়গুলো নিয়ে গুরুত্বসহকারে আলোচনায় বসার আহ্বান জানান।
এসআই