রাশিয়ার দুটি মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার বেসরকারি জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান পল্লবী ওভারসিজ রিক্রুটিং। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুটি কারখানায় মোট ৫৩টি পদের কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ার ভেলেস-স্নেক এলএলসি নামের প্রতিষ্ঠানে ২৩ জন কর্মী ও ৩ জন রাঁধুনি নেওয়া হবে। প্রতিষ্ঠানটির অবস্থান প্রিমোরস্কি অঞ্চলের ভলনো-নাদেজদিনস্কয়ে এলাকায়। অন্যদিকে নেভোদ এলএলসি নামের প্রতিষ্ঠানে ২৭ জন কর্মী নেওয়া হবে। কারখানাটি সাখালিন অঞ্চলের তোমারিনস্কি জেলায় অবস্থিত।
দুই প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতেই বেতন ৬০ হাজার রুবল উল্লেখ করা হয়েছে। তবে এটি মাসিক বেতন কি না এবং কর কাটার পর কর্মীরা কত টাকা পাবেন, তা নিয়োগকর্তার কাছ থেকে নিশ্চিত করতে হবে। ২০ নভেম্বর ২০২৬-এর বিনিময় হার অনুযায়ী, ৬০ হাজার রুশ রুবল বাংলাদেশি টাকায় প্রায় ৯১ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। শারীরিকভাবে পরিশ্রমের সক্ষমতা ও হাতের কাজের দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা না থাকলেও স্থলভিত্তিক কিছু কাজে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
ভেলেস-স্নেকের ক্ষেত্রে সপ্তাহে ছয় দিন কাজ এবং এক দিন ছুটির কথা বলা হয়েছে। প্রতিদিন ১১ ঘণ্টার শিফটে দিন ও রাত—দুই সময়েই কাজ করতে হতে পারে। তিন মাসের শিক্ষানবিশকাল থাকবে। নেভোদ প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিফটভিত্তিক কাজের কথা বলা হলেও দৈনিক কর্মঘণ্টা নির্দিষ্ট করা হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীদের থাকার জন্য ডরমিটরি, নির্ধারিত দুপুরের খাবার ও কাজের পোশাক দেওয়া হবে। নিয়োগকর্তা কর্মস্থলে যাতায়াত, প্রশিক্ষণ এবং ওয়ার্ক পারমিট প্রক্রিয়ার খরচ বহন করবে বলেও উল্লেখ করা হয়েছে।
পল্লবী ওভারসিজের ওয়েবসাইটে আবেদনের শেষ তারিখ উল্লেখ নেই। আগ্রহীদের বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ঢাকার নয়াপল্টনে প্রতিষ্ঠানটির কার্যালয়। যোগাযোগের নম্বর ০১৩৪৭-৫৩৪৮৭৬ ও ০১৩৪৭-৫৩৪৮৭৭।
তবে রাশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন সরকারি নির্দেশনা অনুযায়ী, রাশিয়ায় চাকরি দিতে চাইলেই কোনো রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে না। আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। ৬ নভেম্বর এ নির্দেশনার কথা জানায় দ্য ডেইলি স্টার। ফলে এই নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন আছে কি না, তা নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা চুক্তি করা উচিত নয়।
এসএইচ