ঢাকা: অমর একুশে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চলছে সরকারি ছুটি। রাজধানীর সড়ক ফাঁকা। নেই চিরচেনা সেই যানজট। মানুষ স্বস্তি নিয়েই চলাচল করছে। নির্ধারিত সময়ে যেতে পারছে গন্তব্যে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা গেছে।
সকালে ফার্মগেট, কারওয়ান বাজান, মহাখালী, বনানী ও গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলো অনেকটাই ফাঁকা রয়েছে। কোনো যানজটের সৃষ্টি হয়নি। নিবিঘ্নেই স্বস্তি নিয়ে গন্তব্যে ফিরছেন সাধারণ মানুষ।
কারওয়ান বাজারের বাসিন্দা তুহিন ইসলাম। তিনি বলেন, আমার আত্মীয়ের বাসা বারিধারা এলাকায়। আজ ছুটির দিন থাকায় তাদের বাসায় ঘুরতে যাচ্ছি। রাস্তা ফাঁকা থাকার কারণেই পরিবারের সদস্যদের নিয়ে আজ ঘুরতে বের হয়েছি।
মিরপুর এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার। তিনি মগবাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত আছেন। ছুটির দিনেও অফিসে যেতে হয় তাকে। তিনি বলেন, অন্য দিন সকালে মিরপুর থেকে মগবাজার যেতে সময় লাগতো এক থেকে দেড় ঘণ্টা। আজ মাত্র আধা ঘণ্টায় মগবাজার চলে আসছি। সকাল থেকে আমাদের এলাকায় কোনো যানজট ছিল না।
যানবাহনের চাপ দেখা যায়নি, বাড্ডা, নতুন বাজার, কুড়িল ও বিমানবন্দর সড়কেও। নেই কোনো যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি কাউকে।
বৈশাখী পরিবহনের বাসচালক মোস্তফা মিয়া বলেন, সাভার থেকে নতুন বাজার এলাকায় ছুটির দিন ছাড়া আসতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। কিন্তু আজ মাত্র এক ঘণ্টায় সাভার থেকে নতুন বাজারে চলে এসেছেন।
তিনি আরও বলেন, রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহনের চাপ আছে। কিন্তু সড়কে কোনো যানজট নেই। তাই স্বস্তি নিয়ে গন্তব্য ফিরছেন সাধারণ মানুষ।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ (২১ ফেব্রুয়ারি) যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় রাজধানীর কিছু সড়ক বন্ধ থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
যেসব রাস্তা বন্ধ থাকবে
শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেইট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং ও চাঁনখারপুল ক্রসিং।
নগরবাসীকে উল্লিখিত সময়ে সংশ্লিষ্ট এলাকা/রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লিখিত সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক পথ নির্দেশনা
প্রবেশ নিষেধ
বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক।
পায়ে হেঁটে চলাচল
পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং ও শহিদুল্লাহ হল ক্রসিং।
গাড়ি পার্কিংয়ের স্থান
P-1 → জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)।
P-2 → মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইনশৃঙ্খলা বাহিনী)।
P-3 → নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)।
সোনালীনিউজ/এম