নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি, আজ সময় আরও বাড়লো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:১৭ এএম

অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। আগের কর্মসূচির তুলনায় এবার কর্মবিরতির সময় আরও বাড়ানো হয়েছে।

আন্দোলনকারীদের সিদ্ধান্ত অনুযায়ী, আজ কর্মবিরতির সময় চার ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত দপ্তরে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেছিলেন সরকারি চাকরিজীবীরা। বুধবার থেকে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে এই নতুন কর্মসূচি শুরু হয়।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্যেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সরকারকে ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের সময় দেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়ন না হওয়ায় কর্মসূচি কঠোর করতে বাধ্য হয়েছেন তারা।

তিনি আরও জানান, আগামী শুক্রবার নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের বিভিন্ন দপ্তরে দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে চলমান গণকর্মবিরতিও অব্যাহত থাকবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এম