কারাবাসী মুর্শেদী পালানোর চক্রান্তে! বিদেশযাত্রায় নিষিদ্ধাজ্ঞা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৬ পিএম
ফাইল ছবি

কারাবন্দি খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রোববার এই আদেশ প্রদান করেছেন।

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাফুফের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বর্তমানে কারান্তরীণ রয়েছেন। একই সঙ্গে তার স্ত্রী শারমিন সালামেরও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই নিষেধাজ্ঞার আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, সালাম মুর্শেদীসহ অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলমান থাকা অবস্থায় গোপন সূত্র থেকে জানা গেছে, তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই আছেন।

এসবিআর