দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে: তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা:  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে একটা ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করা হবে। তিনি বলেন, গণমাধ্যমের লক্ষ্য তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করা। আমরা নীতিমালার আলোকেই সব সমস্যার সমাধান করবো। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে আমরা মনে করি, আমাদের এই দীর্ঘযাত্রার পেছনে রাজপথের নেতাকর্মীদের চাইতে আপনাদের (সাংবাদিকদের) অবদান কোনো অংশেই কম নয়। দীর্ঘ আন্দোলনের এই পথে গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোও ছিল একেকটি আন্দোলনের যুদ্ধক্ষেত্র। সেখানে আপনাদের সবার সহযোগিতা আমরা পেয়েছি।

জহির উদ্দিন স্বপন বলেন, আন্দোলন-সংগ্রামের অন্য সাথীদের আমরা যেভাবে মূল্যায়ন ও সম্মানের চেষ্টা করছি, গণমাধ্যম সংশ্লিষ্ট সহকর্মীদেরও সেভাবেই বিবেচনা করবো।

তথ্যমন্ত্রী আরও বলেন, আজকে আমাদের নতুন সরকারের ক্যাবিনেট মিটিং রয়েছে। এরপরই আপনাদের সঙ্গে আনুষ্ঠানিক কাজ করতে পারবো। আজ শুধু সৌজন্যতা বিনিময় করছি। আজ আর এর বাইরে না যাওয়াই বোধহয় ভালো হয়।

পিএস