বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে। এর মধ্যে ভিসা চালুর বিষয়টিও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  
 
প্রণয় ভার্মা বলেন, গত ১৩ ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একই দিনে তাঁদের মধ্যে টেলিফোনে কথোপকথনও হয়।

প্রণয় ভার্মা আরও বলেন, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করে ঢাকা সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।

তিনি বলেন, এসব উচ্চপর্যায়ের যোগাযোগে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

পিএস