সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় পুলিশের ৪ সদস্য ক্লোজড

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পুলিশের চার সদস্য ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য জানান।

ডিসি মাসুদ আল বলেন, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাওয়ের পর এই সিদ্ধান্ত হলো।

জানা যায়, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই সাংবাদিক, শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন দর্শনার্থী পুলিশের মারধরের শিকার হয়। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ (২৫) এবং আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭)।

পরে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ সদস্য তোফায়েলকে লাঠি দিয়ে নির্বিচারে পেটাচ্ছেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অভিযান প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, কাউকে আটক করলে প্রথমে আইনসম্মতভাবে তল্লাশি করা হয়। কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, আর কিছু না পাওয়া গেলে তাকে চলে যেতে দেওয়া হয়। তিনি দাবি করেন, সাধারণত কারও সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয় না।

পিএস