রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বাড়ির ওপর গিয়ে পড়ল ট্রাক, আহত ৩

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক উড়ে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল একটি কাঠবোঝাই ট্রাক। রেলক্রসিংয়ে ওঠার পর ট্রাকটি রেললাইনের ওপর আটকে যায়। চালক চেষ্টা করেও সেটি সরাতে পারেননি। এ সময় ট্রেন আসতে দেখলে চালক ও হেলপার নেমে যান। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বাড়ির ওপর পড়ে।

দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে থাকা তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসএইচ