ঢাকা: ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দিয়েছে অনেক দেশে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট।
যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ বাতিল ফ্লাইটগুলোর মধ্য কাতারের চারটি, কুয়েতের দুইটি, জাজিরা (কুয়েত) দুইটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের পাঁচটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলে এ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অনেকে ছুটি নিয়ে দেশে আসলেও এখন সঠিক সময়ে যেতে পারছেন না।
পিএস