তেল নিতে পাম্পে দীর্ঘ সারি, বাড়তি চাহিদায় বিপাকে চালকরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১২:৪৬ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে ভিড় বেড়েছে। বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পে পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যানবাহন চালকরা। এতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী তেল পাচ্ছেন না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।

তেল না পাওয়ায় কিছু স্থানে চালক ও পাম্পকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও দেখা গেছে। ভুক্তভোগীরা অভিযোগ করছেন, কিছু পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা।

অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। তাদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল আসার কথা, তা কিছু ক্ষেত্রে কম আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও একই চিত্র দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য চালকদের জটলা দেখা যায়। তবে স্থানীয় পাম্প মালিকদের দাবি, জেলায় জ্বালানি তেলের কোনো বড় ধরনের সংকট নেই এবং ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তারা আরও বলেন, কিছু পাম্প মালিক তেল বিক্রি বন্ধ রেখেছেন—এমন খবর পাওয়া গেলেও সেটি অনৈতিক। চালকদের আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে কিছু চালকের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় ব্যবসায়ীদের একটি অংশ কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিন ধরে ডিপো থেকে তেল সরবরাহ কম থাকায় কিছু এলাকায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে।

এম