ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে আটক দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে।
সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে ভারতের কাছে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী জানান, কলকাতার পুলিশ দুজনকে হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে আটক করেছে এবং তাদের ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, ‘কলকাতায় আমাদের উপ-হাইকমিশন এরইমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা কনস্যুলার অ্যাক্সেস চেয়েছি। তাদের পরিচয় শনাক্ত ও সত্যতা যাচাই করার পর আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারব।’
আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই। তবে অন্য দেশের আদালতের প্রক্রিয়া এবং কূটনৈতিক নিয়ম মেনে আমাদের এগোতে হবে। ভারত আমাদের এ ব্যাপারে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী।’
পিএস