ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার নাম প্রস্তাব করা হয়। পরে সংসদ সদস্যরা এই প্রস্তাবে সমর্থন করেন।
এর আগে এদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়।
এদিন স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শুরু হয়। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন।
বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।
এসময় তিনি পাঁচ বারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব রাখেন। এসময় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান।
পিএস