ঢাকা: সংসদীয় রীতির ব্যত্যয় ঘটিয়ে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে শুরু করলে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ঘটে।
এদিন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে একটি প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দেওয়া হয়। কিন্তু তিনি বক্তব্য শুরু করার আগেই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজ আসন থেকে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থান এবং বর্তমান সংসদের বিশেষ প্রেক্ষাপট নিয়ে আলোচনার সূত্রপাত করেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ‘একটি বিশেষ প্রেক্ষাপটে এবং জুলাই গণ-অভ্যুত্থানের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে এ দেশের আপামর জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি।’
তিনি আরও বলেন, একই দিনে দেশে দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে—সংসদ নির্বাচন এবং গণভোট, যা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা।
শফিকুর রহমান যখন এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই স্পিকার হস্তক্ষেপ করেন। স্পিকার সংসদীয় রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে বসার অনুরোধ জানান।
বিরোধীদলীয় নেতাকে থামিয়ে দিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। এই মুহূর্তে নির্ধারিত প্রশ্নের বাইরে অন্য কোনো আলোচনার সুযোগ নেই।’ তিনি ডা. শফিকুর রহমানকে আশ্বস্ত করে বলেন, ‘প্রশ্নোত্তর পর্বটি শেষ হতে দিন, এরপর আপনাকে আপনার বক্তব্য দেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।’
পিএস