টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:১৯ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। সোমবার (১৬ মার্চ) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। দিনশেষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে বাড়ির পথে ছুটতে শুরু করেন মানুষ, ফলে সড়ক, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে দেখা যায় ব্যাপক ভিড়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকছে, যার মধ্যে ঈদের দিন (২১ মার্চ) সাধারণ ছুটি।

ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্তভাবে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। এর সঙ্গে ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

এর আগে, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি ঘোষণার দাবি ওঠে। বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব অনুমোদন করা হয় এবং ৮ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কার্যপ্রণালী বিধিমালা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট পরিবহন চালু থাকবে। পাশাপাশি হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও ওষুধ পরিবহন কার্যক্রমও স্বাভাবিক থাকবে।

এম