ঢাকা: বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার নাকি শনিবার উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
বৃহস্পতিবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)।
পিএস