জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০২:০৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন। একই স্থানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঈদের নামাজে অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী: দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ স্থানীয় মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। 

ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোডের সরকারি বাসভবনে রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। একই স্থানে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও নামাজ আদায় করবেন।

খেলাফত মজলিস: খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচংয়ের এড়ালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

পিএস