রাতে চূড়ান্ত হতে পারে ১৩৩ অধ্যাদেশের বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এদিকে, সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশের বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে।

রোজা এবং ঈদের ছুটি শেষে ১৩ দিন পর আজ আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অধিবেশন। আজ অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির বৈঠক।

স্পিকারের অনুপস্থিতিতে বেলা ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

পিএস