সংবিধান নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংবিধান পরিবর্তনের প্রসঙ্গ তুলে স্বাধীনতা বিরোধীদের প্রসঙ্গ টানলে তার কড়া জবাব দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়ে পার্থ বলেন, যারা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চান, তারা স্বাধীনতা বিরোধীদের অবস্থানের সঙ্গে মিল খুঁজে পান। তার এ বক্তব্যের সময় সরকারি দলের মন্ত্রীদের সমর্থনও দেখা যায়।
পরে বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, পার্থের এ মন্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে টেবিল চাপড়ে সমর্থন দেওয়া হয়েছে, যা তিনি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন, জনতার সরকার প্রতিষ্ঠিত হলে এবং সংসদ প্রকৃত অর্থে জনগণের হাতে গেলে সংবিধান পরিবর্তনের বিষয়টি আসতে পারে।
হাসনাত বলেন, যারা দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, তাদের উপস্থিতিতে সংবিধান পরিবর্তনের প্রসঙ্গকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে মিলিয়ে দেখা এবং তাতে সমর্থন দেওয়া আসলে খালেদা জিয়ার অবস্থানকেই অসম্মান করার শামিল কিনা, তা ভেবে দেখা উচিত।
সংসদের এই আলোচনায় সংবিধান, গণতন্ত্র এবং রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমতের প্রকাশ স্পষ্ট হয়ে ওঠে, যা সংসদে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এসএইচ