প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:০১ পিএম
ফাইল ছবি

জাতীয় সংসদে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তারেক রহমান জানান, সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা, আধুনিকায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে বাহিনীগুলোকে আরও দক্ষ ও সময়োপযোগী শক্তিতে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে একটি আধুনিক প্রতিরক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে।

সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে— নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন, নৌবাহিনীর মাধ্যমে সমুদ্র ও ব্লু ইকোনমি সুরক্ষা জোরদার, বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গুরুত্ব এবং বিমান বাহিনীতে ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান সংযোজনের পরিকল্পনা।

এছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে আত্মনির্ভরতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি কল্যাণ ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ চলছে।

একই সঙ্গে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সঙ্গে যৌথ প্রশিক্ষণ, মহড়া, প্রতিরক্ষা সংলাপ ও কৌশলগত বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

এম