ঢাকা: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিয়য়ে নতুন বার্তা দিয়েছে ভারত সরকার। দিশটি জানিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদন খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের অনুরোধটি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে ভারত।’
ভারতের এই মুখপাত্র বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।’
সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল আরও জানান, উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে।
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ভারতের সেই ইচ্ছা স্পষ্ট করেছেন, যেখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় করতে চায় ভারত।’
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে, উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
পিএস