ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নতুন বাস ভাড়া নির্ধারিত হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সড়কমন্ত্রী বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কালকে (বৃহস্পতিবার) সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির বিষয়) হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্বের জ্বালানির বাজার। বাংলাদেশেও গত দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে চলছে তীব্র সংকট। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। সরকার সিদ্ধান্ত না নিলেও কোথাও কোথাও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে তাদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা ঘটছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
পিএস