বাড়লো বাস ভাড়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:০৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সরকার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।

ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
 
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত রয়েছে বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাড়া বেড়ে দাঁড়াবে প্রতি কিলোমিটার ২.৫৩ টাকা (আগে ছিল ২.৪২ টাকা), আন্তঃজেলায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.২৩ টাকা (আগে ২.১২ টাকা), ডিটিসি এলাকায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.৪৩ টাকা (আগে ২.৩২ টাকা)।

মন্ত্রী আরও জানান, ন্যূনতম ভাড়া (৮ টাকা ও ১০ টাকা) অপরিবর্তিত থাকবে এবং তা বাড়ানো হবে না।

এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হবে বলে জানিয়ে তিনি বলেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে।

সড়ক মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত ভাড়া বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ প্রদান করতে বাধ্য হবেন না।

উল্লেখ্য, শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

পিএস