যে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়ন, মূল বেতনের অর্ধেক নিয়ে আপত্তি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ১১:০৪ এএম
ফাইল ছবি

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। পুনর্গঠিত পে-স্কেল কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে যা শিগগিরই চূড়ান্ত করা হবে। বড় ধরনের আর্থিক চাপ এড়াতে আগামী তিন বছর মেয়াদে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। তবে মূল বেতনের অর্ধেক নিয়ে কর্মচারীদের মধ্যে আপত্তি রয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিটি সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছর থেকে পে-স্কেলের সুবিধা দেওয়া শুরু হতে পারে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীরা তাদের নতুন নির্ধারিত মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। অর্থাৎ মোট বেতন বৃদ্ধির ৩৩ শতাংশ প্রথম বছরেই কার্যকর করার প্রস্তাব করা হবে। পরবর্তী দুই অর্থবছরে বাকি অর্থ এবং অন্যান্য ভাতা সমন্বয় করা হবে। 

আগামী বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করতে যাচ্ছে অর্থ বিভাগ। যদিও চলতি বাজেটে এ খাতে কিছু অর্থ বরাদ্দ ছিল, তবে পরিস্থিতির কারণে তা ব্যয় করা হয়নি। নতুন অর্থবছরের বাজেটে এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উজবেকিস্তানে এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের যে চাপ রয়েছে, তা নিরসনে কমিটি একমত পোষণ করেছে।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ মনে করেন, বর্তমান বিশ্ব ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মাঝে পে-স্কেল বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ৯ শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতির এই সময়ে বাজারে যেন নতুন করে অস্থিরতা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। তাই একবারে পুরো টাকা না দিয়ে তিন বা চার ধাপে এটি বাস্তবায়ন করাকে একটি বিচক্ষণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি।

এসএইচ