ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের লক্ষ্যে নীরবে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নীতিনির্ধারণী পর্যায়ে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত অনুমোদন মিললে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটেই নতুন পে-স্কেলের প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হতে পারে।
জানা গেছে, বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় ও বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে অর্থ মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশের অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় সরকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নিচ্ছে।
সূত্রগুলো বলছে, নবম পে-স্কেল একযোগে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে মূল বেতনে সীমিত আকারে বৃদ্ধি দেওয়া হতে পারে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা, সুবিধা ও অন্যান্য আর্থিক কাঠামো সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়ন করা হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন কাঠামোর সব সুবিধা কার্যকর করা হতে পারে।
পে-কমিশনের সুপারিশে প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর আর্থিক সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে একসঙ্গে বড় অঙ্কের অর্থ ছাড় দিলে রাষ্ট্রীয় অর্থভাণ্ডারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে।
এদিকে প্রশাসনের বিভিন্ন ক্যাডারের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বা বিশেষায়িত বেতন কাঠামো নিয়েও কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আসন্ন জাতীয় বাজেটের আগেই “জাতীয় বেতন কমিশন-২০২৫”-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর গত এক দশকে জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা বর্তমানে বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।
এ পরিস্থিতিতে প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নতুন পে-স্কেলের চূড়ান্ত কাঠামো প্রকাশ করেনি। তাই গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন তালিকা প্রকাশের আগে সরকারি ঘোষণা বা গেজেটের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
পিএস