সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নির্বাচন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আগামী এক বছরের মধ্যে দেশের পাঁচটি প্রধান স্থানীয় সরকার (প্রতিষ্ঠানে) নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।”

মীর শাহে আলম বলেন, “যেসব নির্বাচনে অপেক্ষাকৃত বেশি বাজেটের প্রয়োজন, সেগুলো পরের ধাপে সম্পন্ন করা হবে।”

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৫ মে বলেছিলেন, ‘আগামী এক বছরের মধ্যে’ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করবে সরকার।

তবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সোমবার বলেন, “স্থানীয় নির্বাচন কবে হবে এখনও ফাইনাল হয়নি। নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, আমাদের কিছু বিধিবিধান সংস্কার করতে হবে। এ নিয়ে কাজ শেষ করে আমরা সরকারের সঙ্গে বসব। 

স্থানীয় সরকারের নির্বাচন করতে কত ব্যয় হবে, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা ব্রিফিংয়ে বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “তারা তাদের ফরম্যাট অনুযায়ী এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট প্রস্তাব করবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে ধাপে-ধাপে আমরা পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করব।

পিএস