ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি, অনলাইন জুয়া এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।
বুধবার (২০ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় ৩ কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, মাদক, মাদকের বিস্তার, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে গত ১ মে থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, একটি নিরাপদ, অপরাধমুক্ত এবং শান্তিময় রাজধানী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। আর আমাদের এই যাত্রায় আপনারা, অর্থাৎ সাংবাদিক সমাজ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহযোগী ভূমিকা পালন করছেন।
ডিএমপি কমিশনার বলেন, সাইবার হ্যাকিং, সাইবার বুলিং, অনলাইন জুয়া, প্রতারণাসহ অনলাইনভিত্তিক অপরাধ প্রতিরোধে ডিএমপি নিরলস কাজ করে যাচ্ছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে ডিএমপির সাইবার ইউনিটকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি ডিএমপির সিটিটিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে, যা সাইবার সুরক্ষা আইন এবং এর অধীনে যে মামলা, সেগুলোর তদন্তের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে।
পিএস