ঢাকা: নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে অফিসের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখেন।
এ ঘটনায় প্রতিমন্ত্রী দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কর্তৃপক্ষকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ হতে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ হতে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ হতে ১ জন এবং হিসাব বিভাগ হতে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
পিএস