ঢাকার পশুর হাটে চিকিৎসাসেবায় বাকৃবির শিক্ষার্থীরা

  • বাকৃবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কোরবানির পশুর হাটগুলোতে প্রথমবারের মতো সরাসরি মাঠপর্যায়ে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৫ শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে পশুর স্বাস্থ্য সুরক্ষায় এই বিশেষ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১১টি এবং উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ১৬টিসহ মোট ২৭টি কোরবানির পশুর হাটে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে বাকৃবি থেকে ১৫ সদস্যবিশিষ্ট ৬টি ভেটেরিনারি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

আজ রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুর হাটে চিকিৎসাসেবা দিতে আসা বাকৃবির ইন্টার্ন চিকিৎসক আসিফ ইকবাল বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে হাটগুলোতে বিপুলসংখ্যক গবাদিপশু আসছে। দীর্ঘ পথ জার্নি ও বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় প্রাণীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। আমরা মাঠপর্যায়ে উপস্থিত থেকে অসুস্থ ও দুর্বল পশুগুলোকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। একই সঙ্গে বিক্রেতা ও ক্রেতাদের পশুর সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুস্থ পশু নিশ্চিত করা এবং হাটের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে কাজ করা।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসানো হচ্ছে। এসব হাটের পশুপাখির চিকিৎসায় মোট দুই হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে।

এর আগে গত ২১ মে সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) পশুর হাটে চিকিৎসাসেবাসহ সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী এবং ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এসএইচ